ইরানের খামেনির কাছে ‘গোপন’ চিঠি লিখলেন সৌদি বাদশাহ

Saudi 2

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে চিঠি পাঠিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। তার এ চিঠিটি খামেনির হাতে সরাসরি পৌঁছে দিয়েছেন সৌদির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। অবশ্য চিঠিতে সৌদি বাদশাহ কী লিখেছেন তার কিছুই প্রকাশ করা হয়নি।

বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে তেহরানে বৈঠক করেন সৌদির মন্ত্রী। এসময় খামেনি সৌদির সঙ্গে গভীর সম্পর্ক গড়ার ব্যাপারে সমর্থন ব্যক্ত করেন। তিনি সৌদির মন্ত্রীকে বলেন, “আমরা বিশ্বাস করি ইসলামিক রিপাবলিক ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক উভয়ের জন্য ভালো হবে এবং দুই দেশ একে অপরের পরিপূরক হতে পারে।”

তিনি আরও বলেন, “পশ্চিমাদের ওপর নির্ভরের চেয়ে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক একে অপরকে সহায়তা করবে।” সৌদির রাষ্ট্রায়ত্ত্ব বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, বৈঠকে দুই দেশের সম্পর্ক পর্যালোচনা এবং একই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

২০০৬ সালের পর ইরানের খামেনি প্রথমবারের মতো সৌদি আরবের কোনো উচ্চপদস্থ নেতার সঙ্গে দেখা করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল-আরাবিয়া। ওই বছর সৌদির তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স সৌদ আল ফয়সাল তেহরান সফর করেছিলেন। ইরান সফরে সৌদির প্রতিরক্ষামন্ত্রী দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সুপ্রিম সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান এবং সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরির সঙ্গেও বৈঠক করেছেন।