আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

Yunus 1

কাতারের আমিরের আমন্ত্রণে চারদিনের সরকারি সফরে আজ সোমবার দোহা যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি সেখানে ‘আর্থনা সামিট ২০২৫’-এ অংশ নেবেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সামিটে অংশগ্রহণের পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে তার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সফরের একটি বিশেষ দিক হলো—প্রথমবারের মতো বাংলাদেশের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ এতে অংশ নিচ্ছেন। তারা হলেন—ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা। ক্রীড়াঙ্গনে নারীদের অগ্রগতির প্রতীক হিসেবে এই অংশগ্রহণকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।

এই সামিটে কাতারের শুষ্ক ও উষ্ণ আবহাওয়ায় টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার পথ খুঁজে বের করা হবে। ২২ ও ২৩ এপ্রিল দুই দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে উপস্থাপনা, ইন্টারঅ্যাকটিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিশ্ব নেতৃবৃন্দ, বিশেষজ্ঞ ও অংশগ্রহণকারীরা গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করবেন।