রাশিয়া সফর শেষ করে ওমানে ফিরেছেন সুলতান হাইথাম বিন তারিক। দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে মঙ্গলবার রাতে মাস্কাটে পৌঁছান সুলতান। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সুলতানের বৈঠক অনুষ্ঠিত হয়। ক্রেমলিন জানায়, আলোচনায় উভয় পক্ষ অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতাসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় তুলে ধরেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির চলমান মধ্যস্ততা নিয়েও আলোচনা করেছেন দুই রাষ্ট্রনেতা।
এদিকে রাশিয়ায় নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত হামুদ বিন সালেম আল তুওয়াইহ বলেছেন, ওমান ও রাশিয়ার নিয়মিত পাসপোর্টধারীরা যাতে ভিসা ছাড়াই দেশ দুটিতে যাতায়াত করতে পারেন সে উদ্দেশ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি এই সফরে বাণিজ্য-অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার জন্য একটি যৌথ কমিশন প্রতিষ্ঠাসহ আরও অন্তত ১০টি চুক্তি স্বাক্ষর হয়। রাশিয়া-ওমান আলোচনা এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন মস্কো ওয়াশিংটনের সাথে সম্পর্ক পুনরুদ্ধার করার চেষ্টায় আছে।











