ওমানের শহরে শহরে বৃষ্টি চেয়ে ইস্তিসকার নামাজ আদায়

Omanrain

ওমানে বৃষ্টির দেখা নেই অনেকদিন। তাপমাত্রা ৪২ ডিগ্রিও ছাড়িয়ে যাচ্ছে কোথাও কোথাও। অনাবৃষ্টি ও প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এরইমধ্যে খরা কাটিয়ে বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায় করেছেন একাধিক অঞ্চলের বাসিন্দারা। এসময় প্রার্থনায় তারা আল্লাহর কাছে অব্যাহত তাপপ্রবাহ, অসহনীয় গরম এবং পানির অভাব থেকে মুক্তির ফরিয়াদ জানান।

গেলো সাপ্তাহিক ছুটিতে ওমানের বেশ কয়েকটি প্রদেশে বৃষ্টির আশায় বিশেষ ইস্তিসকা নামাজ আদায় করা হয়েছে। নিজুয়া, নাখল, ইব্রি এবং দিমা ওয়াতায়েনসহ বেশ কয়েকটি অঞ্চলে নারী-পুরুষ ও শিশুরা একত্রিত হয়ে খোলা আকাশের নিচে আল্লাহর কাছে প্রার্থনা করেন। এ নামাজ ‘সালাতুল ইস্তিসকা’ বা ‘বৃষ্টি কামনায় নামাজ’ হিসেবেও পরিচিত।

শনিবার সকালে নিজুয়ার সা’ল বাঁধ সংলগ্ন উন্মুক্ত স্থানে এমনই একটি নামাজ অনুষ্ঠিত হয়। খালসা আল আবরি নামে আল হামরার এক বাসিন্দা গণমাধ্যমকে বলেন, চলতি শীত মৌসুমে এক ফোঁটা বৃষ্টিও পড়েনি। তারা মূলত কূপের পানির উপরই নির্ভর করেন। ফলে বৃষ্টি এখন তাদের জীবনে অপরিহার্য। তিনি জানান, অনেকের নিজস্ব কূপ না থাকায় অন্যান্য কূপ মালিকদের সরবরাহ করা পানির উপর নির্ভর করতে হয়, এতে সব সময় চাহিদার শতভাগ পূরণ হয়না।

ওমানের কৃষি খাত দীর্ঘদিন ধরেই সেচনির্ভর। দেশটির মোট চাষযোগ্য জমির ৮০ শতাংশেরও বেশি ভূগর্ভস্থ পানির মাধ্যমে সেচ দেওয়া হয়। ফলে বৃষ্টিপাত না হলে কৃষিকাজ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। এদিকে গরমও বাড়ছে লাফিয়ে। ফলে বৃষ্টির প্রার্থনার জন্য আগামী ২৫ এপ্রিল আবারও নামাজ পড়ার পরিকল্পনা রয়েছে মুসল্লিদের।