দুবাইয়ে ভারতীয় ধনকুবেরের ৫ বছরের কারাদণ্ড

Ind businessman

অর্থপাচারের অভিযোগে দুবাইয়ে প্রবাসী ভারতীয় ধনকুবের বলবিন্দর সিং সাহনিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ‘আবু সাবাহ’ নামে পরিচিত এই ব্যবসায়ীকে কারাদণ্ডের পাশাপাশি তার ১৫ কোটি দিরহাম বা প্রায় ৪৭৮ কোটি টাকা বাজেয়াপ্ত এবং ৫ লাখ দিরহাম জরিমানাও করা হয়েছে। সাজার মেয়াদ শেষে তাকে সংযুক্ত আরব আমিরাত থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

গাল্ফ নিউজ জানায়, দুবাইয়ের চতুর্থ ফৌজদারি আদালত এই রায় ঘোষণা করেন। বলবিন্দর সিং সাহনি ২০১৬ সালে ৩৩ মিলিয়ন দিরহামে দুবাইয়ের একটি গাড়ির ভিআইপি নম্বর প্লেট ‘ডি৫’ কিনে বিশ্বজুড়ে আলোচনায় আসেন। এটি তখন বিশ্বের সবচেয়ে দামি নম্বর প্লেট হিসেবে রেকর্ড গড়েছিল। বিলাসবহুল জীবনযাপন এবং বিশাল বিনিয়োগের জন্য তিনি দীর্ঘদিন ধরেই আলোচিত ছিলেন।

মামলার তদন্তে উঠে আসে, সাহনি এবং তার সহযোগীরা সংঘবদ্ধ চক্র গঠন করে শেল কোম্পানির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন। এজন্য তারা বিভিন্ন সন্দেহজনক আর্থিক লেনদেন এবং দেশি-বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতেন। মামলায় সাহনি ও তার ছেলেসহ মোট ৩৩ জনকে আসামি করা হয়। বলবিন্দর সিং সাহনি একটি আন্তর্জাতিক সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। সংযুক্ত আরব আমিরাত ছাড়াও যুক্তরাষ্ট্র, কুয়েত, ভারতসহ বিভিন্ন দেশে তার ব্যবসা রয়েছে।