পর্তুগালে প্রকাশ্যে খুন হলেন বাংলাদেশি

পর্তুগাল

ইউরোপের শান্তিপূর্ণ দেশ পর্তুগালে সন্ত্রাসীদের গুলিতে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মাহবুবুল আলম সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা গ্রামের বাসিন্দা।

শুক্রবার রাত ৯টার দিকে পর্তুগালের আলমাদা শহরে তার নিজস্ব মিনিমার্কেটে একদল সশস্ত্র সন্ত্রাসী প্রবেশ করে হামলা চালায়। প্রাথমিকভাবে জানা গেছে, ডাকাতির উদ্দেশ্যে এই হামলা চালানো হয়। হামলায় মাহবুবুল আলম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। প্রবাসী মাহবুবুল স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বেশ পরিচিত মুখ ছিলেন। দোকানটি তিনি নিজেই পরিচালনা করতেন।

খবর পেয়ে স্থানীয় পুলিশ ও জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোক ও নিরাপত্তা-উদ্বেগ ছড়িয়ে পড়েছে। 

আন্তর্জাতিক সূচকে শান্তিপূর্ণ দেশগুলোর মধ্যে পর্তুগালের অবস্থান ১২তম হলেও, সম্প্রতি নানা কারণে সহিংসতার ঘটনাগুলো বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে প্রবাসীদের মধ্যে। স্থানীয় বাংলাদেশিরা জানান, পর্তুগালের মতো একটি নিরাপদ দেশে এমন ঘটনা অত্যন্ত দুঃখ ও উদ্বেগজনক।