বাংলাদেশিদের ছাড় দিল ব্রিটেন, বিচারের আগেই ভারতীয়দের নির্বাসনের সিদ্ধান্ত

বৃটেন

যুক্তরাজ্যে বসবাসরত কয়েকটি দেশের নাগরিকদের কোনও অপরাধের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হলে আপিল শুনানির আগেই নিজ দেশে নির্বাসনের নিয়ম রয়েছে। এবার সেই সব দেশের তালিকায় ভারতকে অন্তর্ভুক্ত করেছে ব্রিটেনের সরকার। এই সংক্রান্ত ১৫টি দেশের নতুন তালিকায় যুক্ত করা হয়েছে ভারতের নামও। যদিও এই তালিকায় দক্ষিণ এশিয়ার দুই দেশ বাংলাদেশ কিংবা পাকিস্তানের নাম নেই। এর ফলে বাংলাদেশি-পাকিস্তানিরা ছাড় পেলেও ভারতীয়দের বিচারের আগেই ফিরতে হবে নিজ দেশে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের স্বরাষ্ট্র দপ্তর ‘‘এখন বহিষ্কার, পরে আপিল’’ প্রকল্পে নতুন করে ১৫টি দেশ যুক্ত করায় অপরাধীদের বহিষ্কারের বিরুদ্ধে করা আপিলের শুনানির আগেই আরও অধিকসংখ্যক বিদেশি অপরাধীকে প্রত্যাবাসন করতে পারবে।

স্বরাষ্ট্র দপ্তরের নীতি অনুযায়ী, কোনও ভারতীয় নাগরিক ব্রিটেনে অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হলে আপিল শুনানির আগেই তাকে প্রথমে নির্বাসিত করা হবে। অর্থাৎ, নির্বাসন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে সেই ব্যক্তি নির্বাসন বিলম্বিত করতে পারবেন না এবং তিনি ব্রিটেনে থাকতে পারবেন না। যুক্তরাজ্য সরকার বলছে, কারাগারে ওপর চাপ কমানো এবং অপরাধ সম্পর্কে জনসাধারণের উদ্বেগ প্রশমনই এই নীতির লক্ষ্য।

তালিকায় আছে যেসব দেশ
• কানাডা
• ভারত
• অস্ট্রেলিয়া
• অ্যাঙ্গোলা
• বতসোয়ানা
• ব্রুনেই
• বুলগেরিয়া
• গায়ানা
• ইন্দোনেশিয়া
• কেনিয়া
• লাতভিয়া
• লেবানন
• মালয়েশিয়া
• উগান্ডা
• জাম্বিয়া

জাতীয়তার দিক থেকে ২০২৫ সালের জুনে ইংল্যান্ড ও ওয়েলসে সর্বাধিক বন্দি ছিলেন আলবেনিয়ার নাগরিক। দেশটির ১ হাজার ১৯৩ জন নাগরিক ব্রিটেনের কারাগারে বন্দি আছেন। এরপর আয়ারল্যান্ডের ৭০৭, ভারতের ৩২০ ও পাকিস্তানের ৩১৭ নাগরিক।

নতুন যুক্ত হওয়া ১৫ দেশের বন্দি সংখ্যা ৭৭৪ জন; যা বিদেশি বন্দিদের মোট সংখ্যার প্রায় ৭ শতাংশ । নতুন দেশগুলোর মধ্যে কেবল ভারতীয়রাই সংখ্যার দিক থেকে শীর্ষে আছেন।