ক্লাউড সিডিংয়ে সাফল্য পাচ্ছে আমিরাত, বৃষ্টিপাত বাড়ছে

Cloud seeding

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে, ২০২৫ সালে এ পর্যন্ত ১৮৫টি ক্লাউড সিডিং মিশন চালিয়েছে দেশটি। যার মধ্যে শুধু জুলাই মাসেই রয়েছে ৩৯টি মিশন।

সম্প্রতি দেশটির বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, ধুলিঝড় ও কুয়াশা লক্ষ্য করা গেছে। একইসঙ্গে আবুধাবি ও দুবাইতে তাপমাত্রাও কমেছে, যা নাগরিকদের জন্য কিছুটা স্বস্তির কারণ।

ক্লাউড সিডিং প্রযুক্তির মাধ্যমে মেঘে হাইগ্রোস্কোপিক ফ্লেয়ার, ন্যানোম্যাটেরিয়াল ও বৈদ্যুতিক-চার্জ নির্গমনকারী ব্যবহার করে বৃষ্টিপাত ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়। প্রতি বছর দেশটি ৯০০ ঘণ্টার বেশি সময় ধরে ক্লাউড সিডিং কার্যক্রম চালায়, যেখানে প্রতিটি ফ্লাইটে ঘন্টায় খরচ হয় প্রায় ২৯ হাজার দিরহাম।

গবেষণায় দেখা গেছে, ক্লাউড সিডিংয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে প্রতি বছর অতিরিক্ত ১৬৮ থেকে ৮৩৮ মিলিয়ন ঘনমিটার বৃষ্টিপাত সৃষ্টি হচ্ছে। এর ফলে ব্যবহারযোগ্য পানির পরিমাণ বেড়েছে ৮৪ থেকে ৪১৯ মিলিয়ন ঘনমিটার পর্যন্ত, যা দেশের মোট বার্ষিক বৃষ্টিপাতের (প্রায় ৬.৭ বিলিয়ন ঘনমিটার) একটি উল্লেখযোগ্য অংশ।