যে সব দেশে প্রবাসীর সংখ্যা বেশি, সে সব দেশে ভোটার নিবন্ধনের সময় বাড়াতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক হয়। এরপর নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, নির্বাচন আয়োজনে বিএনপির পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
তিনি বলেন, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য দীর্ঘ সংগ্রাম করে আসছে বিএনপি। তিনি জানান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা অনেক বেশি। সে সব দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধনের সময় বাড়ানোর দাবি জানানো হয়েছে। এছাড়াও, এনআইডির পাশাপাশি পাসপোর্ট দিয়েও নিবন্ধনের ব্যবস্থা চালু করার পরামর্শ দিয়েছে বিএনপি।
আরও পড়ুন
নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইসমাইল জবিউল্লাহ।










