ওমানের বেসরকারি খাতে কর্মরত কর্মীদের সুরক্ষায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির শ্রমমন্ত্রী। এখন থেকে ওমানের কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি শ্রম মন্ত্রণালয়কে আগে না জানিয়ে কোনো কর্মীকে চাকরি থেকে বরখাস্ত বা ছাঁটাই করতে পারবে না। বুধবার দেশটির আইনসভা ‘মাজলিস আশ-শূরা’-র অধিবেশনে এক সদস্যের প্রশ্নের জবাবে শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাইদ বাওয়াইন এই নির্দেশনার কথা জানান।
শ্রমমন্ত্রী স্পষ্ট করে বলেন, কোনো কোম্পানির এককভাবে কর্মী ছাঁটাই করার আইনগত অধিকার নেই। যেকোনো প্রতিষ্ঠানকে তাদের কোনো কর্মীকে ছাঁটাই করার আগে অবশ্যই শ্রম মন্ত্রণালয়ে আবেদন করতে হবে এবং সেই আবেদনের যৌক্তিক কারণগুলো পর্যালোচনার জন্য জমা দিতে হবে। মন্ত্রণালয়ের একটি বিশেষ কমিটি বিষয়টি খতিয়ে দেখে অনুমতি দেওয়ার পরেই কেবল ছাঁটাই কার্যকর করা যাবে। এর ব্যত্যয় ঘটিয়ে যদি কোনো কোম্পানি মন্ত্রণালয়কে না জানিয়ে কাউকে চাকরিচ্যুত করে, তবে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন
পাশাপাশি, কোনো কর্মী যদি মনে করেন তাকে অন্যায়ভাবে ছাঁটাই করা হয়েছে, তবে তিনি সরাসরি শ্রম মন্ত্রণালয়ে অভিযোগ জানাতে পারবেন। মন্ত্রণালয় এই ধরনের অভিযোগগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করবে এবং শ্রমিকের অধিকার রক্ষায় কাজ করবে।












