দুবাইয়ে বিড়াল খুঁজলেই মিলবে লাখ টাকা!

Biral

দুবাইয়ে ৪৫ দিন ধরে নিখোঁজ একটি বিড়ালের সন্ধানে ৩ হাজার দিরহাম পুরস্কার ঘোষণা করেছেন দুই প্রবাসী শিক্ষক। গত ২৯ নভেম্বর দুবাইয়ের একটি অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে আরব্য মাউ প্রজাতির এই বিড়ালটি হারিয়ে যায়। বিড়ালটির মালিক পিটার হপকিন্স এবং তার সহকর্মী হেইলি রেনল্ডস হন্যে হয়ে বিড়ালটিকে খুঁজছেন। শীতকালীন ছুটিতে পিটার দেশের বাইরে থাকার সময় হেইলি বিড়ালটির দেখাশোনা করছিলেন।

ঘটনার বর্ণনা দিয়ে হেইলি জানান, দুর্ঘটনাবশত তার অ্যাপার্টমেন্টের ব্যালকনির দরজা খোলা থাকায় দেড় বছর বয়সী লান্দো সেখান থেকে নিচে পড়ে যায় বা লাফ দেয়। নিজের ওপর দায়ভার নিয়ে তিনি অত্যন্ত অনুতপ্ত বোধ করছেন এবং গত দেড় মাস ধরে নিয়মিতভাবে আশেপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছেন। 

মালিক পিটার হপকিন্স দুবাইয়ে ফেরার পর থেকেই লান্দোর সন্ধানে দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি জানান, বিজনেস বে এলাকা থেকে মাত্র আট সপ্তাহ বয়সে উদ্ধার হওয়া লান্দো দীর্ঘ ১৮ মাস ধরে তার একমাত্র সঙ্গী ছিল। লান্দো সাদা রঙের ওপর কমলা-বাদামী ছাপযুক্ত একটি ছোট বিড়াল। এর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, এর লেজের একদম শেষ প্রান্তে সামান্য একটু বাঁকানো ভাব আছে যা স্পর্শ করলে বোঝা যায়। এছাড়া বিড়ালটির শরীরে একটি মাইক্রোচিপ লাগানো আছে যার শেষ চারটি সংখ্যা হলো ০০০৪।

নিখোঁজ লান্দোর সন্ধানে ডিএলআরসি এলাকায় বিভিন্ন ভাষায় পোস্টার লাগানো হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। প্রাথমিকভাবে পুরস্কারের পরিমাণ কম থাকলেও বর্তমানে তা বাড়িয়ে ৩ হাজার দিরহাম করা হয়েছে। লান্দো খুব ভীতু প্রকৃতির হওয়ায় কেউ তাকে দেখলে ধাওয়া না করার অনুরোধ জানিয়েছেন মালিক।

তথ্যসূত্র: গালফ নিউজ