জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং মরুভূমির রুক্ষ প্রকৃতি বদলে দিতে এক বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করেছে সৌদি আরবের ন্যাশনাল ওয়াটার কোম্পানি (এনডব্লিউসি)। ‘সৌদি গ্রিন ইনিশিয়েটিভ’ (এসজিআই) প্রকল্পের আওতায় পবিত্র মদিনা অঞ্চলে এ পর্যন্ত ২১ লাখেরও বেশি গাছ রোপণ করা হয়েছে। শুক্রবার সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে এই সাফল্যের কথা জানানো হয়, যা সৌদির ভবিষ্যৎ সবুজ অর্থনীতির এক বলিষ্ঠ পদক্ষেপ হিসেবে বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে।
এই অভিযানের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো পানির সাশ্রয়ী ব্যবহার। এনডব্লিউসি জানিয়েছে, মদিনার এই প্রকল্পে শতভাগ পরিশোধিত বর্জ্য পানি ব্যবহার করা হচ্ছে। এর ফলে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমছে এবং বর্জ্য পানির কার্যকর পুনব্যবহার নিশ্চিত হচ্ছে। প্রকল্পের প্রায় ১০ শতাংশ গাছ এখন এমন পরিপক্ক অবস্থায় পৌঁছেছে যে সেগুলোকে আর আলাদা করে সেচ দিতে হয় না। ২০২৫ সালটি ছিল এই প্রকল্পের জন্য টার্নিং পয়েন্ট; শুধুমাত্র গত বছরেই মদিনার উত্তর-পশ্চিম সেক্টরে রোপণ করা হয়েছে ৪ লাখ ৭২ হাজার গাছ।
আরও পড়ুন
যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে ২০৬০ সালের মধ্যে দেশটিতে ‘নিট জিরো’ কার্বন নিঃসরণ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। মদিনার এই বনায়ন কেবল বায়ুর মান উন্নত করবে না, বরং বালুঝড় কমিয়ে জীববৈচিত্র্য রক্ষায় মাইলফলক হিসেবে কাজ করবে। আন্তর্জাতিক পরিবেশবাদীরা মনে করছেন, বর্জ্য পানি পরিশোধিত করে সেচ কাজে ব্যবহারের এই কৌশল বিশ্বের অন্যান্য শুষ্ক অঞ্চলের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা।










