ওমানে বেআইনি সমাবেশে অংশগ্রহণ এবং অপপ্রচারের দায়ে এক ব্যক্তি কঠোর শাস্তির মুখোমুখি হয়েছেন। দণ্ডিত ব্যক্তির নাম তালাল বিন আহমেদ বিন আলী। বৃহস্পতিবার মাস্কাটের প্রাইমারি কোর্ট তাকে অপরাধী সাব্যস্ত করে কারাদণ্ড এবং জরিমানার সাজা প্রদান করেন। পাবলিক প্রসিকিউশনের বর্ণনা অনুযায়ী, তালাল বেআইনি সমাবেশে অংশগ্রহণ এবং ওমানের মর্যাদা ক্ষুণ্ন করে এমন সংবাদ ও বিবৃতি প্রচারে অভিযুক্ত ছিলেন।
গণমাধ্যমের হাতে আসা বিবৃতি থেকে জানা যায়, অভিযুক্তকে প্রথম অপরাধের জন্য এক বছরের কারাদণ্ড এবং ৫০০ ওমানি রিয়াল জরিমানা করা হয়েছে। এছাড়াও, রাষ্ট্রীয় মর্যাদার জন্য হুমকিস্বরূপ গুজব প্রচারের জন্য তাকে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের আদেশে তিনি দুটি সাজা একই সাথে ভোগ করবেন এবং জরিমানার রায়ও কার্যকর হবে।
আরও পড়ুন
অভিযোগ ওঠার পর মামলাটি পাবলিক প্রসিকিউশনের তদন্তের মাধ্যমে শুরু হয়, যা শেষ হয় চলতি মাসের ৭ তারিখে। সকল প্রমাণ ও সাক্ষ্য গ্রহণের পর তালাল বিন আহমেদের অপরাধে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হন আদালত। রায় ঘোষণার পর সাজা কার্যকর হয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে মিছিল, মিটিং, অপপ্রচারসহ জনশৃঙ্খলা এবং রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ডকে ওমান কতটা শক্ত হাতে দমন করে তাই প্রমাণিত হলো।











