স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িত দাবি করে নুরুল হক নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে এক ওমান প্রবাসীর বিরুদ্ধে। শনিবার রাতে চাঁদপুরের কচুয়ায় পরকীয়া সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্র জানায়, পরকীয়া সংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের ওমান প্রবাসী শুক্কুর আলীর সঙ্গে নুরুল হকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার রাতে এলাকার জাহাঙ্গীর ও জালাল কৌশলে নুরুল হককে বাড়ি থেকে ডেকে নেন। এরপর শুক্কুর আলী ধারালো অস্ত্র দিয়ে নুরুল হকের শরীরে একাধিক কোপ দিলে তিনি গুরুতর আহত হন। তার চিৎকারে পরিবারের সদস্য ও এলাকাবাসী ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করলেও ঘটনাস্থলেই তিনি মারা যান।
আরও পড়ুন
নিহতের স্ত্রীর দাবি, পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। শুক্কুর আলীর সঙ্গে দীর্ঘদিনের শত্রুতার জেরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন। এসময় স্বজনরা দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ওমান প্রবাসী শুক্কুর আলীর একাধিক বিয়ে আছে। ধারণা, করা হচ্ছে নিহত নুরুল হক তার প্রথম স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িত। এই সন্দেহ থেকেই তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়ে গা ঢাকা দেন। তাকে আটকের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।











