ড. ইউনূসের নেতৃত্ব বাংলাদেশের সমৃদ্ধি আনবে, প্রত্যাশা আমিরাত প্রেসিডেন্টের

Uaepresident

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব বাংলাদেশের সমৃদ্ধি বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বৃহস্পতিবার (১০ এপ্রিল) আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদের পরিচয়পত্র দেশটির প্রেসিডেন্টের কাছে পেশ করা হয়। এসময় শেখ মোহাম্মদ এ মন্তব্য করেন।

আবুধাবির বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমিরাত সরকারের উদ্যোগে নবনিযুক্ত রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূতও তার পরিচয়পত্র পেশ করেন। এদিন প্রেসিডেন্টের সাথে সংক্ষিপ্ত মতবিনিময়ের সুযোগে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি সদয় অনুভূতির জন্য রাষ্ট্রদূত কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রেসিডেন্টের প্রতি প্রধান উপদেষ্টার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা পৌঁছে দেন। পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ, দৃঢ় ও দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত্তিতে চলমান সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত তারেক আহমেদ। পরে উভয় দেশের জনগণের জন্য শান্তি কামনা করে শেখ মোহাম্মদ আশাবাদ ব্যক্ত করেন, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব বাংলাদেশের জন্য সমৃদ্ধি বয়ে আনবে।

তিনি একইসঙ্গে বন্ধুত্বপূর্ণ দুই দেশের স্বার্থের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধির প্রতি আগ্রহ জ্ঞাপন করেন। সবশেষে তিনি তাঁর শুভকামনা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছানোর জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।