লিবিয়া থেকে ঢাকায় ফিরলেন আরও ১৬৭ বাংলাদেশি

Libya

লিবিয়া থেকে আরও ১৬৭ জন অবৈধ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাঁদের প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হয়।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর ৫টার দিকে বুরাক এয়ারের একটি ভাড়া করা বিমানে দেশে ফেরেন অভিবাসীরা। তাঁদের মধ্যে ১৬ জন স্বেচ্ছায় বেনগাজি ও আশপাশের এলাকা থেকে ফেরেন এবং ১৫১ জনকে লিবিয়ার গানফুদা আটক কেন্দ্র থেকে মুক্ত করে ফেরত পাঠানো হয়। বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা তাঁদের স্বাগত জানান।

শুক্রবার (১১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অভিবাসীদের অধিকাংশই মানব পাচারকারীদের প্রলোভনে পড়ে ইউরোপে অবৈধভাবে পাড়ি দেওয়ার উদ্দেশে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। এ সময় অনেকেই অপহরণ ও নির্যাতনের শিকার হন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবাইকে সতর্ক করে বলা হয়েছে, কেউ যেন এই ধরনের বিপজ্জনক সমুদ্রপথ ব্যবহার করে অবৈধভাবে লিবিয়ায় না যান সেজন্য মানব পাচারের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়। আইওএম প্রত্যাবর্তনকারীদের প্রত্যেককে নগদ ছয় হাজার টাকা, খাদ্য, চিকিৎসা সহায়তা এবং প্রয়োজনে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছে। পাশাপাশি, তাঁদের দেশে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলেও জানানো হয়।