সংযুক্ত আরব আমিরাতের শারজার আল নাহদাতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় জীবন বাঁচাতে লাফিয়ে পড়ে চার প্রবাসী নিহত হয়েছেন। রোববার এ ঘটনা ঘটে বলে প্রতিবেদনে জানিয়েছে গালফ নিউজ। এ ঘটনায় সবমিলিয়ে ৫ জন নিহত এবং ৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে আরেক সংবাদমাধ্যম খালিজ টাইমস।
৫১ তলা ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় চার আফ্রিকান নাগরিক জীবন বাঁচাতে ছাদ থেকে রশি বেয়ে নিচে নামতে গেলে পড়ে গিয়ে মারা যায়। ভবনটির ৪২ তলা আবাসিক এবং ৯ তলা গাড়ি পার্কিয়ের স্থান। আগুন লাগার পর জরুরি উদ্ধারকর্মীরা ছুটে গেলেও কাজ হয়নি।
আরও পড়ুন
কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর ওই ভবন থেকে ১৪৮ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া ছয় জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা সামান্য আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে থেকে ছেড়ে দেয়া হয়েছে।
ওই ভবনের ২১ তলায় বসবাস করা একজন মিশরীয় বাসিন্দা গালফ নিউজকে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ফায়ার এলার্ম বেজে ওঠেনি। তবে করিডোর থেকে ধোঁয়া উড়তে দেখেছেন। এরপর সঙ্গে সঙ্গে সিঁড়ি বেড়ে নিচে নেমে আসেন। আরেকজন বাসিন্দা জানান, পরিস্থিতি ছিল ভয়াবহ। আগুন থেকে বাঁচতে আফ্রিকানরা উপর থেকে লাফিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা গেছেন।











