ভারতের আরেকটি অঞ্চল দখল করল চীন!

China india

ভারতের অরুণাচল প্রদেশের পর কাশ্মীরের শাক্সগাম উপত্যকাকেও নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে চীন। নয়াদিল্লিকে স্পষ্ট করে চীন জানিয়েছে, ওই অঞ্চল একান্তই চীনের, সেখানে তারা যা খুশি করতে পারে। সোমবার এক সংবাদ সম্মেলনে পিটিআই-এর প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এসব দাবি করেন।

পিটিআই তার কাছে শাক্সগাম ভ্যালিতে চীনের অবকাঠামো উন্নয়নের বৈধতা সম্পর্কে মতামত জানতে চায়। জবাবে মাও নিং বলেন, আপনি যে ভূখণ্ডের কথা উল্লেখ করেছেন, সেটি চীনের। শাক্সগাম উপত্যকায় অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা চীনের জন্য ‘সম্পূর্ণভাবে ন্যায্য’, কারণ এটি তাদের নিজস্ব ভূখণ্ড।

এসময় তিনি কাশ্মীরের শাক্সগাম উপত্যকা নিয়ে ভারতের সার্বভৌমত্বের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেন। বেইজিং স্পষ্ট করে জানিয়েছে, ‘শাক্সগাম উপত্যকা চীনের অংশ’ এবং সেখানে অবকাঠামো উন্নয়ন চালানো তাদের বৈধ অধিকার।

এর আগে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, শাক্সগাম উপত্যকা যেহেতু ‘ভারতের ভূখণ্ড’ তাই স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকার নয়াদিল্লির আছে। এসময় তিনি জানান, ১৯৬৩ সালে চীন–পাকিস্তান সীমান্ত চুক্তিকে কখনো স্বীকৃতি দেয়না ভারত। দিল্লির মতে ওই চুক্তি অবৈধ ও বাতিল।

এর জবাবে চীনের মুখপাত্র মাও নিং বলেন, ১৯৬০-এর দশকে চীন ও পাকিস্তান একটি সীমান্ত চুক্তি স্বাক্ষর করে এবং দুই দেশের মধ্যে সীমান্ত নির্ধারণ করা হয়। যা তিনি ‘দুটি সার্বভৌম দেশের অধিকার’ বলে উল্লেখ করেন।