ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে আতঙ্কজাগানিয়া দৃশ্য। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে রানওয়েতে ঘুরছে বিশাল আকৃতির একটি যাত্রীবাহী বিমান। উড্ডয়নের প্রস্তুতি হিসেবে ইঞ্জিনের গতি বাড়াতেই হঠাৎ ডান পাশের ইঞ্জিন থেকে বিকট শব্দে আগুনের গোলা বেরিয়ে আসতে দেখা যায়। আগুনের ফুলকি আর ধোঁয়ায় মুহূর্তেই এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।
শ্বাসরুদ্ধকর এই ঘটনাটি ফিলিপাইন এয়ারলাইন্সের একটি বিমানের, যা অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। গত ২৮ জানুয়ারি ম্যানিলা আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটে। ফিলিপাইন এয়ারলাইন্সের পিআর৬৮৪ ফ্লাইটটি তখন ম্যানিলা থেকে দোহার উদ্দেশ্যে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। জানা গেছে, এয়ারবাস এ৩৩০-৩৪৩ মডেলের বিমানটি রানওয়েতে টেক-অফ রোল বা দৌড় শুরু করার ঠিক আগমুহূর্তে এর ২ নম্বর ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং ‘ইঞ্জিন স্টল’ করে। ভিডিওতে দেখা যাওয়া আগুনের ঝলকানিটি ছিল মূলত সেই ইঞ্জিন বিকল হওয়ার দৃশ্য।
আরও পড়ুন
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, পাইলটের ত্বরিত বুদ্ধিমত্তা ও দক্ষতায় বড় কোনো বিপদ ঘটেনি। আগুনের বিষয়টি আঁচ করতে পেরেই পাইলট তাৎক্ষণিকভাবে টেক-অফ বাতিল করেন এবং রানওয়েতেই বিমানটিকে নিরাপদে থামিয়ে দেন। এই ঘটনায় বিমানের কোনো যাত্রী বা ক্রু হতাহত হননি। পরবর্তীতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিমানটি পরিবর্তন করা হয় এবং প্রায় ৪ ঘণ্টা বিলম্বে অন্য একটি বিমানের মাধ্যমে তাদের দোহায় পৌঁছে দেওয়া হয়।










