হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে পাচার হতে যাওয়া গত ৬ মাসে প্রায় প্রায় সাড়ে আট কোটি টাকারও বেশি এবং প্রায় ১০০ কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এর মধ্যে বিদেশি মুদ্রার পাশাপাশি দেশীয় মুদ্রাও রয়েছে। গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত এই টাকা ও স্বর্ণ জব্দ করা হয়।
ঢাকা বিমানবন্দর বিভিন্ন সময়ে স্বর্ণ ও টাকা পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার হতো। ৫ আগস্টে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই রুটে চোরাকারবারিরা মুখ থুবড়ে পড়েছে। গোয়েন্দা নজরদারি অন্যান্য যে কোনও সময়ের তুলনায় দ্বিগুণ করা হয়েছে। এই নজরদারির মধ্যেও চোরাকারবারিরা বিভিন্নভাবে দেশি-বিদেশি মুদ্রা পাচারের চেষ্টা চালিয়ে আসছে।
আরও পড়ুন
কাস্টমসের দেওয়া তথ্য অনুযায়ী দেখা যায়, গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত প্রায় সাড়ে আট কোটি টাকারও বেশি জব্দ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৪ লাখ ৬৫ হাজার ৫১০ সৌদি রিয়াল জব্দ হয়েছে। এছাড়াও জব্দের তালিকায় আছে ৫৩ হাজার ৩০৫ ইউরো, ১ হাজার ৩৭০ ব্রিটিশ পাউন্ড, ৪ হাজার ৭৮৬ মালয়েশিয়ান রিঙ্গিত, ৭ লাখ ৩৯ হাজার ৬১৫ ইউএই দিরহাম, ৫৩০ ওমানি রিয়াল এবং ১০ লাখ ১৭ হাজার বাংলাদেশি টাকা।
গত ৬ মাসে সবচেয়ে বেশি পাচারের চেষ্টা হয়েছে সৌদি রিয়াল। বাংলাদেশি টাকায় যা ৪ কোটি ৭৭ লাখ ২ হাজার ৩৫০ টাকা। এরপরের অবস্থান সংযুক্ত আরব আমিরাতের দিরহাম। এই দুই দেশের মুদ্রার পাশাপাশি মার্কিন ডলার, ইউরো, পাউন্ড ও কুয়েতি দিনার পাচারেরও চেষ্টা বেশি হয়েছে।











