দালালের মাধ্যমে এক বছর আগে ১০ লাখ টাকা খরচ করে সৌদি আরব গিয়ে কাজ না পেয়ে উল্টো নির্যাতনের শিকার হচ্ছিলেন রাজবাড়ীর জালদিয়া গ্রামের দুই চাচাতো ভাই। তিন মাস ধরে তাঁদের সঙ্গে যোগাযোগ নেই বলে দাবি পরিবারের। এ বিষয়ে প্রতিকার চেয়ে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী পরিবার। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই- ফরিদপুর কার্যালয়কে নির্দেশ দিয়েছেন আদালত।
ভুক্তভোগী দুজন হলেন রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের কামাল মোল্লার ছেলে সোহেল মোল্লা ও মৃত ইয়াছিন মোল্লার ছেলে ইকবাল মোল্লা। তাঁরা সম্পর্কে আপন চাচাতো ভাই। কামাল মোল্লা বলেন, গ্রামের প্রতিবেশী মনিরুদ্দিন মোল্লা ও তাঁর শ্যালক মামুন মোল্লা ভালো চাকরি দেওয়ার কথা বলে প্রথম দফায় গত বছরের মার্চ মাসে নগদ ৬ লাখ এবং ২৬ মে ব্যাংকের মাধ্যমে আরও ৪ লাখ টাকাসহ মোট ১০ লাখ টাকা নিয়ে সোহেল ও ইকবালকে সৌদি পাঠান। সেখানে কাজ না পেয়ে উল্টো তাঁরা দালাল চক্রের নির্যাতনের শিকার হন।
আরও পড়ুন
কাজ দেওয়ার আশ্বাসে চলতি বছর ৭ ফেব্রুয়ারি মনিরুদ্দিন ও মামুন তাঁদের কাছ থেকে আরও ২ লাখ টাকা নেন। এরপর থেকে পরিবারের সঙ্গে সোহেল ও ইকবালের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তিন মাস ধরে সোহেল ও ইকবালের খোঁজ না মেলায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবার দুটির। উপায় না পেয়ে ২৭ এপ্রিল রাজবাড়ীর মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করেন সোহেল মোল্লার স্ত্রী রিনা আক্তার।











