বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইতালির ভেনিসে এক বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ভেনিসের একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই সমাবেশে কয়েকশ জাতীয়তাবাদী প্রবাসী নেতাকর্মী অংশগ্রহণ করেন।
ভেনিস বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এরফান মাস্টার ও যুবরাজ দেওয়ান, ফখরুল চৌধুরী, মিজানুর রহমানের পরিচালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
সমাবেশে বক্তারা বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে ফ্যাসিবাদের পতনের জন্য। হাজারো ছাত্র-জনতার ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করলে তা বরদাস্ত করা হবে না।’
বক্তারা আরও বলেন, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন এবং ডাকসু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে ইন্টারিম সরকারের সকল প্রস্তুতি জরুরি।
ভেনিস বিএনপির সদ্য সাবেক সভাপতি আব্দুল আজিজ সেলিম বলেন, ‘রাজনীতিতে গ্রুপিং-লবিং থাকে, ভেনিসের রাজনীতিও এর ব্যতিক্রম নয়। তবে এখন গ্রুপিংয়ের সময় নয়। এখন সময় ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গঠনের।’
তিনি আরো বলেন, ‘যারা ভেনিস বিএনপিকে ফ্যাসিবাদী আওয়ামী ট্যাগ দেওয়ার অপচেষ্টা চালায়, তারা প্রকৃতপক্ষে শহীদ জিয়ার আদর্শের মানুষ নয়। তারা খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল নয়। সকল নেতাকর্মীর উচিত তাদের থেকে সতর্ক থাকা।’
দলে বিভক্তি সৃষ্টি না করার আহ্বান জানিয়ে আজিজ বলেন, ‘বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের দিকনির্দেশনায় ইতালি বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের প্রস্তুতি চলছে। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আলোচনার মাধ্যমে একটি শক্তিশালী বিএনপি গড়ে তুলি, যাতে প্রবাসীরা আগামী নির্বাচনসহ দেশের যেকোনো ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। ধানের শীষের পক্ষে জনমত গঠন করতে পারে।’
সমাবেশে বক্তব্য রাখেন ভেনিস বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা রফিকুজ্জামান ঠাকুর, মনসুর পেদা, জব্বার মাঝি, সাইফুল ইসলাম ভুট্টু, ফারুক শেখ, আব্দুল জলিল তালুকদার, আনোয়ার হোসেন রুমি, ইউনুস মিয়া, সুমন চকিদার, নিমাল চৌধুরী, আব্দুল হালিম, ইব্রাহিম সরদার, মনোয়ার সরকার, রামিম দেওয়ান, সজীব পেদা, মোঃ পারভেজ, আক্তার মোল্লা, কাজী সাব্বির, মিজান ভূইয়া, আমির হোসেন, আসলাম মিয়া, নজরুল ইসলাম, আশরাফুল কাজল প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশের বিশেষ আকর্ষণ ছিল নিমাল চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল। তিনি শতাধিক নেতাকর্মী নিয়ে মিছিলসহকারে সমাবেশে যোগ দেন, যা উপস্থিত নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।
সোহানুর রহমান উজ্জ্বল
ভেনিস, ইতালি










