পারমাণবিক চুক্তির পথে সৌদি আরব-যুক্তরাষ্ট্র

Saudi

জ্বালানি বিনিয়োগ ও বেসামরিক পারমাণবিক প্রযুক্তি বিষয়ে একটি প্রাথমিক চুক্তি সই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এ নিয়ে শীঘ্রই দুই দেশের মধ্যে পারমাণবিক সহযোগিতা বাস্তবায়িত হবে। রোববার রিয়াদে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট।

এদিন সৌদি জ্বালানি মন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমানের সঙ্গে দেখা করে তিনি বলেন, ‘রিয়াদ ও ওয়াশিংটন একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি রয়েছে।’ শক্তি উৎপাদনকারী উপসাগরীয় দেশগুলোর সফরের অংশ হিসাবে এটি তার প্রথম সফর। দুই দেশের মধ্যে এ বছরের শেষের দিকে চুক্তি সম্পর্কিত বিশদ তথ্য আসবে বলে জানান তিনি। মার্কিন জ্বালানি সচিব আরও বলেন, ‘অবশ্যই সৌদি আরবের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি হবে। যুক্তরাষ্ট্র চায় সৌদি আরবের সঙ্গে দীর্ঘমেয়াদি পারমাণবিক শিল্প গড়ে তুলতে।’

এই সফরে দ্বিপাক্ষিক আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল- জ্বালানি সহযোগিতা, গুরুত্বপূর্ণ খনিজ আহরণ ও প্রক্রিয়াকরণ, শিল্প উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব। যুক্তরাষ্ট্র-সৌদি সম্পর্ক প্রসঙ্গে রাইট বলেন, ‘আমি মনে করি, সৌদি আরব যুক্তরাষ্ট্রে বিনিয়োগকারী শীর্ষ দেশগুলোর একটি হয়ে উঠবে। আর তা হবে উভয় দেশের জন্যই লাভজনক’।