ওমান প্রবাসীদের জন্য সুখবর, অবৈধদের সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ালো আরও ৫ মাস

Oman

ওমানে অবৈধ হয়ে থাকা প্রবাসী কর্মীদের জন্য সাধারণ ক্ষমার (আইনি অবস্থা সংশোধন) সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে।

ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, সাধারণ জনগণের আর্জি এবং উপকারভোগীদের আরও সুযোগ দেওয়ার উদ্দেশ্যে সময়সীমা ৫ মাস বাড়ানো হয়েছে। এর আগে এই সময়সীমা ছিল চলতি জুলাই মাসের ৩১ তারিখ পর্যন্ত।

চলতি বছরের জানুয়ারিতে ঘোষিত এই বিশেষ সুবিধা আওতায় জরিমানা ছাড়া ভিসা-আকামা নবায়ন ও ব্লক বাতিল, কর্মী প্রত্যাবাসন বা স্থানান্তরে নিয়োগকর্তার দায় অব্যাহতিসহ নানা সুবিধা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এই শেষ সুযোগের লক্ষ্য হলো—যাতে বেশি সংখ্যক কর্মী ও নিয়োগকর্তা শ্রম আইনের অধীনে বৈধতা পেতে পারেন। ৮ জুলাইজারি করা পূর্ববর্তী বিজ্ঞপ্তির ভিত্তিতে এবং বহু ব্যক্তি ও কোম্পানির অনুরোধে এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্ধিত সময়সীমা সম্পর্কে মূল পয়েন্টগুলো:

সময়সীমা বৃদ্ধি: অবস্থা সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে, যাতে বেশি সংখ্যক মানুষ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

আইনি গুরুত্ব: মন্ত্রণালয় সবাইকে আহ্বান জানিয়েছে, যেন এই শেষ সুযোগ কাজে লাগিয়ে তারা দ্রুত ও নিয়ম অনুযায়ী তাদের অবস্থান বৈধ করেন।

বিভাগীয় সমন্বয়: সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন এই সময়সীমা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

শ্রম মন্ত্রণালয় সবাইকে সতর্ক করেছে—এই অতিরিক্ত সময়টি যেন যথাযথভাবে ব্যবহার করা হয় এবং আর কোনো দেরি না করে প্রক্রিয়া সম্পন্ন করা হয়।