ওমানে প্রকল্পের কাজে ২ শ্রমিকের মৃত্যু নিয়ে তোলপাড়!

Oman

ওমানের মাত্রায় কেবল কার প্রকল্পে নির্মাণকাজ চলাকালীন দুর্ঘটনায় দুই প্রবাসী কর্মীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন ইতালীয় এবং অন্যজন পাকিস্তানি নাগরিক। শুক্রবার প্রকল্পের ডেভেলপার প্রতিষ্ঠান ‘সাবিন ইনভেস্টমেন্ট’ এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রকল্পের একটি সাইটে কাঠামোগত বা স্ট্রাকচারাল ইনস্টলেশনের কাজ চলার সময় এই দুর্ঘটনাটি ঘটে। জনসাধারণের মধ্যে ছড়িয়ে পড়া জল্পনা নিরসন করে কোম্পানি স্পষ্টভাবে জানিয়েছে, এই ঘটনার সাথে কেবল কারের কোনো পরীক্ষামূলক বা অপারেশনাল টেস্টিংয়ের সম্পর্ক নেই। এটি সম্পূর্ণরুপে নির্মাণ বা বাস্তবায়ন পর্যায়ের একটি ঘটনা ছিল।

দুর্ঘটনার সঠিক কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। রয়্যাল ওমান পুলিশ, সিভিল ডিফেন্স এবং অ্যাম্বুলেন্স অথরিটির তাৎক্ষণিক সাড়ার প্রশংসাও করেছে প্রতিষ্ঠানটি। খবর পাওয়ার পরপরই জরুরি সহায়তা নিশ্চিত করায় উদ্ধারকারী দলগুলোকে ধন্যবাদ জানানো হয়।

বিবৃতিতে সাবিন ইনভেস্টমেন্ট তাদের সকল প্রকল্প সাইটে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা মানদণ্ড বজায় রাখার ব্যাপারে পূর্ণ প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ এবং কর্তৃপক্ষের সাথে পূর্ণ সহযোগিতার আশ্বাসও দিয়েছে প্রতিষ্ঠানটি।