ছুটি কাটিয়ে ওমান যেতেই লাশ হলেন প্রবাসী

ওমান

ওমানে সড়ক দুর্ঘটনায় সাবুল মিয়া নামে এক প্রবাসী মৃত্যুবরণ করেছেন। গত বুধবার সকালে ওমানের মাসকাটে এই দুর্ঘটনা ঘটে। তার বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নে। একই উপজেলার ফয়জুল হক নামে আরেক প্রবাসী গত মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ছুরিকাঘাতে নিহত হন। বুধবার দেশে তাঁদের মৃত্যুর খবর পৌঁছালে দুই প্রবাসী পরিবারের ঈদ–আনন্দ বিষাদে রূপ নেয়।

ওমান প্রবাসী সাবুলের ছোট ভাই সাজন মিয়া জানান, তাঁর বড় ভাইসহ চারজন গাড়ি নিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। সেখানে যাওয়ার পথে চালক হঠাৎ ঘুমিয়ে গেলে ইবরি এলাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সাবুলসহ তিনজনের মৃত্যু হয়। সাবুল প্রায় ৯ বছর ধরে প্রবাসে আছেন। গত ডিসেম্বরে প্রায় আড়াই মাস ছুটি কাটিয়ে ওমান যান। আর এক বছর পর তাঁর স্থায়ীভাবে দেশে ফেরার কথা ছিল। এর আগেই তিনি না–ফেরার দেশে চলে গেলেন। সাবুলের আড়াই বছর বয়সী এক ছেলে আছে। ওমানে থাকা তাঁদের এলাকার এক ব্যক্তির মাধ্যমে গত বুধবার খবরটি জেনেছেন তাঁরা।

অন্যদিকে ফয়জুল হক সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শামখা এলাকায় নিজ কর্মস্থলে খুন হয়েছেন। গত মঙ্গলবার দুপুরের দিকে তিনি সহকর্মীদের হাতে খুন হন। বিষয়টি গত বুধবার সন্ধ্যার দিকে দেশের স্বজনেরা জানতে পারেন। আবুধাবিতে কর্মস্থলে দুই বাংলাদেশি সহকর্মী তাঁকে ছুরিকাঘাত করে খুন করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন স্বজনরা। অভিযুক্তরা আবুধাবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।