আন্তর্জাতিক রাজনীতিতে বা মুসলিম বিশ্বের নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে নতুনভাবে পরিচিতি পেয়েছে ওমান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফার পরোক্ষ আলোচনা এবং এর সফলতার সম্পূর্ণ ক্রেডিট দেওয়া হচ্ছে উপসাগরীয় এই শান্তিপূর্ণ দেশটিকে। গতকাল শনিবার ওমানের রাজধানী মাস্কাটে আয়োজিত চিরবৈরী দুই দেশের আলোচনা চালিয়ে নেওয়ার মূল দায়িত্বে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি।
আলোচনা চলে আড়াই ঘণ্টার বেশি সময় ধরে। বৈঠক শেষে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রধান আলোচকরা ওমানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন এবং তারপর স্থান ত্যাগ করেন। ওমানের তরফ থেকে জানানো হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফার পরোক্ষ আলোচনা বেশ বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আলোচনার লক্ষ্য ছিল একটি ন্যায়সঙ্গত ও বাধ্যতামূলক চুক্তির পথে অগ্রসর হওয়া।
আরও পড়ুন
বদর আল বুসাইদি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ জানান, আলোচনার মূল বিষয় ছিল ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি ও তেহরানের ওপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার। আলোচনার মাধ্যমে এমন একটি চুক্তির পথ খুঁজে পাওয়ার চেষ্টা চলছে যা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা অর্জনে সহায়ক হবে। তিনি আরও বলেন, ওমান এই প্রচেষ্টায় তার ভূমিকা অব্যাহত রাখবে এবং যেকোনো গঠনমূলক প্রক্রিয়ায় অবদান রাখতে প্রস্তুত।











