ঋণ করে সৌদি যাওয়ার পর বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু!

Saudi

চার মাস আগে ঋণ করে সৌদি আরব পাড়ি জমান সিলেটের নজরুল ইসলাম। শুক্রবার একটি ভবন থেকে পড়ে মৃত্যু হয়েছে এই বাংলাদেশি শ্রমিকের। নজরুল ইসলাম সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের মুরারগাও গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। জানা গেছে, সৌদি আরবের একটি ভবন থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে বাড়িতে তার মৃত্যুর খবর এলে স্বজনেরা আহাজারি করেন।

নজরুলের বাবা নিজাম উদ্দিন জানান, সাড়ে চার মাস আগে পরিবারের অভাব দূর করার জন্য সৌদি আরব যায় ছেলে। প্রায় ৩ লাখ টাকা ঋণ করে তাকে বিদেশ পাঠানো হয়। এক মাস কাজ করে বেতন পেয়ে কিছু টাকা পাঠিয়েছে। এখনো প্রায় আড়াই লাখ টাকা ঋণ আছে। এ অবস্থার মধ্যেই নজরুল মারা গেল।

তিনি বলেন, সদা হাসিখুশি থাকা ছেলেটা আজ সবাইকে ছেড়ে গেল। এমন করে এত অল্প বয়সে সে মারা যাবে, তা কল্পনাতেও পরিবারের কেউ ভাবেননি। সবাই তার জন্য দোয়া করবেন। দেশে তার লাশ আনার ব্যাপারে কথা হচ্ছে।