মাদকবিরোধী অভিযানে দেশি-বিদেশি ২৬ জনকে গ্রেফতার করেছে সৌদি প্রশাসন। বুধবার আরব নিউজের খবরে বলা হয়, সৌদি আরব জুড়ে মাদক সংশ্লিষ্ট বেশ কয়েকটি গ্রেফতারের ঘটনা ঘটেছে। তাদের বিরুদ্ধে প্রাথমিক আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
আসির অঞ্চলের আল-রাবোয়াহ সেক্টরে বর্ডার গার্ডের টহল দল ১৪ জন ইথিওপিয়ান নাগরিককে ২৬০ কেজি খাট পাচারের দায়ে গ্রেফতার করে। অপর এক অভিযানে আল-ফারশা এলাকায় আরও ৪ ইথিওপিয়ানকে ২৮ কেজি খাট পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়। এছাড়া আসির অঞ্চলের একই এলাকায় নিরাপত্তা টহল দল ১ সৌদি নাগরিককেও ১১ কেজি খাটসহ গ্রেফতার করে।
আরও পড়ুন
সৌদি মাদক বিরোধী কর্তৃপক্ষ জানায়, জাযান অঞ্চলের আল-দায়ের সেক্টরে তারা ৬০০ কেজি খাট পাচারের একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন। এছাড়া বর্ডার গার্ডের টহল দল ৮০ কেজি খাট পাচারের সময় ১ ইথিওপিয়ানকে গ্রেফতার করে। এছাড়া অঞ্চলটির ‘মুজাহিদীন সাধারণ অধিদপ্তর’ হাশিশ বিক্রির সময় ২ সৌদি নাগরিককে গ্রেফতার করেছে।
অপরদিকে জেদ্দায় ২ পাকিস্তানি এবং ১ ইন্দোনেশীয় নাগরিককে ১.৫ কেজি মেথামফেটামিন সহ গ্রেফতার করা হয়েছে। এছাড়া অ্যামফেটামিন বিক্রির অভিযোগে বাহা অঞ্চলে ১ সৌদি নাগরিক সহ দেশজুড়ে অভিযানে সর্বমোট ২৬ জনকে গ্রেফতার করা হয়।











