সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এক ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানকে জানিয়েছেন, ইরানে ইসরায়েলি হামলার ঘটনায় তার দেশ তীব্র নিন্দা জানাচ্ছে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, যুবরাজ বলেছেন, এই হামলা ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে খর্ব করেছে এবং আন্তর্জাতিক আইন ও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
তিনি আরও বলেন, এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান সংলাপকে ব্যাহত করেছে এবং উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টা ও সমাধানে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। যুবরাজ জোর দিয়ে বলেন, বিরোধ নিষ্পত্তিতে বলপ্রয়োগ গ্রহণযোগ্য নয় এবং আলোচনার ভিত্তিতে মতপার্থক্যের সমাধান হওয়া উচিত।
আরও পড়ুন
ইসরায়েল শুক্রবার ইরানে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাসহ ৭৮ জন নিহত হয়েছেন বলে তেহরান দাবি করেছে। এরপর থেকে উভয় দেশ একে অপরের উপর পাল্টা হামলা চালাচ্ছে। হামলায় নিহতদের জন্য শোক ও সমবেদনা জানিয়ে যুবরাজ পেজেশকিয়ান, ইরানি জনগণ এবং নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেন।
পেজেশকিয়ান সৌদি বাদশাহ সালমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, হজ পালনে আসা ইরানি হাজিদের সেবার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ যে যত্নবান ছিল, তাতে তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এর আগে যুবরাজ ট্রাম্প এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ফোনালাপে ইরানে ইসরায়েলি হামলার পরিণতি নিয়ে আলোচনা করেন। এই আলোচনায় তারা উত্তেজনা প্রশমন ও বিরোধ নিষ্পত্তিতে কূটনৈতিক পথ অনুসরণে সর্বোচ্চ চেষ্টা চালানোর গুরুত্ব তুলে ধরেন।










