সৌদিতে প্রকাশ্যে পশুর ভাস্কর্য!

সৌদি

সৌদি আরবের একটি মনোমুগ্ধকর জায়গা আল নফাল পার্ক। উঁচু স্থানটিতে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করার জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে। রাজধানী রিয়াদের ডিপ্লোমেটিক জোনে অবস্থিত এই পার্কে বেশ কিছু পশুর ভাস্কর্য স্থাপন করা হয়েছে। ইতালিয়ান শিল্পী ডেভিড রিভালতার সহযোগিতায় রিয়াদ আর্ট কর্তৃপক্ষ এসব ভাস্কর্য স্থাপন করেছে। এর মধ্যে রয়েছে সিংহ, চিতা, সিংহী ও মহিষ।

২০১৯ সালে ‘রিয়াদ আর্ট’ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ৫৫০টি শিল্পকর্ম সৌদি আরবের বিভিন্ন নগরীতে স্থাপন করেছে। এসব ভাস্কর্য নির্মাণে দেশি-বিদেশি পাঁচ শতাধিক শিল্পী অংশ নিয়েছেন। আর ৯৬ লাখ দেশি-বিদেশি পর্যটক এসব শিল্পকর্ম দেখেছেন। রিয়াদ আর্টের একটি তাৎপর্যবহ উদ্যোগ হচ্ছে সম্প্রতি আয়োজিত ‘তুয়ারিখ স্কাল্পচার সিম্পোজিয়াম’। এই সিম্পোজিয়ামে লাইভ সেশনের অংশ হিসেবে ৩০টি ভাস্কর্য নির্মিত হয়। এসব ভাস্কর্য রিয়াদের বিভিন্ন পাবলিক প্লেসে স্থাপন করা হবে।

এককালে আরব উপদ্বীপে অজস্র চিতাবাঘ ঘুরে বেড়াত। এসব ভাস্কর্য স্থাপনের মাধ্যমে পার্ক কর্তৃপক্ষ ঐতিহ্য সংরক্ষণের তাগিদ দিচ্ছে। পাশাপাশি এই কর্মযজ্ঞের মাধ্যমে মানবীয় উন্নয়ন আর প্রাকৃতিক ইকোসিস্টেমের মধ্যে একটি ভারসাম্যময় যোগসূত্র স্থাপন করতে চাইছে।

১৯৭৪ সালে জন্ম নেওয়া ডেভিড রিভালতা এরই মধ্যে বিভিন্ন প্রাণী লাইফসাইজ ভাস্কর্য নির্মাণ করে বিশ্বে সুনাম কুড়িয়েছেন। তার ভাস্কর্য সাদামাটা হলেও তাতে থাকে দৃষ্টিনন্দন টেক্সচার। রিয়াদ আর্টের পাবলিক আর্ট প্রোগ্রামে তিনি এবারই প্রথম অংশ নিলেন।