দুবাইয়ের খ্যাতনামা ব্যবসায়ী বাসু শ্রফ ভারতের জয়পুর বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন। একটি রোলেক্স ঘড়ির জন্য বিমানবন্দর কর্মীরা তাকে হয়রানি করেছেন বলে অভিযোগ। এ ঘটনা প্রবাসী ভারতীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে বলে প্রতিবেদনে জানিয়েছে গালফ নিউজ।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, ভারতীয় বংশোদ্ভূত দুবাইয়ের অন্যতম শীর্ষ ব্যবসায়ী এবং রিগাল গ্রুপের চেয়ারম্যান বাসু শ্রফ গত ১২ এপ্রিল সন্ধ্যা ৭টায় জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর কাস্টমস কর্মকর্তাদের হাতে হয়রানির শিকার হন।
আরও পড়ুন
ভারতের ‘প্রবাসী ভারতীয় সম্মান’ পুরস্কারপ্রাপ্ত শ্রফ কাস্টমস কর্মকর্তাদের কাছে রোলেক্স ঘড়িটি ব্যক্তিগত বলে জানান। এমনকি শুল্ক কর্মকর্তাদের কাছে ঘড়ির আসল রসিদ ও শংসাপত্রও উপস্থাপন করেন। তার ইচ্ছে ছিল, পারিবারিক অনুষ্ঠান ও মন্দির উদ্বোধনের সময় তিনি ঘড়িটি পরবেন এবং এটি নিয়েই দুবাই ফিরবেন।
শ্রফের আইনজীবীর মতে, আলোচিত রোলেক্স ঘড়িটি ছিল একটি বিলাসবহুল ঘড়ি যার মূল্য প্রায় ৩৫ লক্ষ রুপি। শ্রফ জানিয়েছেন, কাস্টমস কর্মকর্তারা তার বিরুদ্ধে ঘড়ি পাচারের চেষ্টার অভিযোগ এনেছেন। এরপর তার সঙ্গে এমন আচরণ করা হয়েছে যা সাধারণত অপরাধী ও চোরাচালানকারীদের সঙ্গে করা হয়।










