বেপরোয়া চালকদের জরিমানা বাড়ালো আমিরাত

Uae

সংযুক্ত আরব আমিরাতের সংশোধিত ট্রাফিক আইন অনুযায়ী, বেপরোয়া চালকদের এখন থেকে ঘটনাস্থলেই গ্রেফতার করা যাবে। পাশাপাশি জরিমানা বাড়িয়ে এক লাখ দিরহাম পর্যন্ত করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমিরাতের ট্রাফিক আইনের সাম্প্রতিক এই আপডেটগুলো সড়ক নিরাপত্তা বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে। বিশেষ করে বেপরোয়া গতিতে গাড়ি চালানো রোধ করার ওপর জোর দিচ্ছে তারা।

মার্চের শেষে কার্যকর হওয়া নতুন এসব আইনের মাধ্যমে ট্রাফিকের দায়িত্বে থাকা কর্মকর্তাদের আরও বেশি ক্ষমতা দেওয়া হয়েছে, এর মধ্যে বড় অপরাধ করার সময় ধরা পড়া চালকদের গ্রেফতারের ক্ষমতাও অন্তর্ভুক্ত। নতুন সংশোধনীতে আইন লঙ্ঘনকারীদের জন্য কঠোর শাস্তিরও ব্যবস্থা রাখা হয়েছে। এসব সংস্কারকে সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি কমানার জন্য আমিরাত সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়ন বলেই দেখা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের ট্রাফিক বিভাগগুলো ২০২৪ সালে অনিরাপদভাবে গাড়ি চালানোর ৪ হাজার ২৯১টি ঘটনা নথিবদ্ধ করেছে। যার মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে দুবাইতে। তারপরে আবুধাবি, শারজাহ এবং অন্যান্য অঞ্চলের অবস্থান।