দুবাইয়ে স্বর্ণের দাম কমায় প্রি-বুকিংয়ে ব্যস্ত ক্রেতারা

Dubai gold

অক্ষয় তৃতীয়া ঘিরে স্বর্ণের বাজারে ফের দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য। ঐতিহ্যবাহী এই দিনে স্বর্ণ কেনাকে শুভলক্ষণ মনে করে ভারতীয় উপমহাদেশের বহু পরিবার। আর সেই উপলক্ষে দুবাইয়ের স্বর্ণের বাজারে এখন চলছে ব্যস্ত সময়।

গত সপ্তাহের তুলনায় স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমানে দুবাইয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রামে ৩৬৯ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ২০৩টাকা। মাত্র কয়েকদিন আগেও তা ছিল ৩৮৮ দিরহাম। ফলে ক্রেতাদের মধ্যে প্রি-বুকিংয়ের প্রবণতা বেড়েছে। স্বর্ণ কিনতে আসা এক ক্রেতা বলেন, ‘৩০ এপ্রিল আমি যেভাবেই হোক স্বর্ণ কিনতাম। তবে এখন ৩৬৯ দিরহামে বুকিং করতে পারাটা বিশাল লাভ।’

বিশ্লেষকরা বলছেন, স্বর্ণের দাম আরও কমতে পারে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম গত সপ্তাহে প্রতি আউন্স ৩ হাজার ৫০০ ডলার ছুঁয়ে এখন নেমে এসেছে ৩ হাজার ৩১৮ ডলারে। অনেকের মতে, মূল্যপ্রতি আউন্সে ৩ হাজার ২৮০ ডলার পর্যন্ত নামতে পারে। শুক্রবার আশা জেগেছিল, গোল্ড রেট কমে ৩৬৭ দিরহামেও পৌঁছাতে পারে। তবে তা স্থায়ী হয়নি, তবে সামগ্রিকভাবে দাম কমার প্রবণতা ক্রেতাদের মধ্যে আশাবাদ তৈরি করেছে।