বহু চেষ্টা করেও যেন ইরান-যুক্তরাষ্ট্রকে শান্ত করতে পারছেনা ওমান। মার্কিনদের বাড়াবাড়ি, নিষেধাজ্ঞা ও হুমকি-ধামকির প্রতিক্রিয়ায় ইরান ও যুক্তরাষ্ট্রের চতুর্থ দফার পরোক্ষ পরমাণু আলোচনা স্থগিত হয়েছে। আলোচনার অন্যতম মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল-বুসাইদি বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক ঘোষণায় নিশ্চিত করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে চতুর্থ দফার আলোচনা স্থগিত করা হয়েছে।
পরমাণু আলোচনা স্থগিতের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরান কোনো অবস্থাতেই এমন কোনো হুমকি ও চাপের পন্থা সহ্য করবে না, যা জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের নীতি লঙ্ঘন করে। তার আগে গত বুধবার ইরানের জ্বালানি বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ইরানের অন্তত সাতটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন প্রশাসন। পরদিন ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন, ইরান থেকে যারা জ্বালানি কিনবে তাদের ওপরই নিষেধাজ্ঞা দেয়া হবে।
আরও পড়ুন
জানা গেছে, আলোচনা কীভাবে এগোবে তা নিয়ে তেহরান ও ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মধ্যে চলমান মতবিরোধের কারণে আলোচনা স্থগিত করা হয়েছে। শনিবার ইতালির রোমে এই চতুর্থ দফার আলোচনার হওয়ার কথা ছিল। রয়টার্সের প্রতিবেদন মতে, ঊর্ধ্বতন এক ইরানি কর্মকর্তা বলেছেন, ‘ওয়াশিংটনের অবস্থানের ওপর নির্ভর করে আলোচনার নতুন তারিখ ঠিক করা হবে।’












