মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশিসহ দগ্ধ ৪

Ppam malya

মালয়েশিয়ায় একটি পামওয়েল কারখানার স্টিম বয়লার বিস্ফোরিত হয়ে বাংলাদেশিসহ অন্তত ৪ জন কর্মী দগ্ধ হয়েছেন। শনিবার সকালে কুয়ালা সেলাঙ্গর রাজ্যের বেস্তারি জয়া এলাকায় পামওয়েল কারখানায় এ ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে ১ জন বাংলাদেশি, ২ জন নেপালি ও একজন স্থানীয় শ্রমিক।  

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট জানায়, সকাল ৮টা ৫৫ মিনিটে তারা একটি জরুরি ফোনকল পান। মূলত পানি গরম করার সময় হটাৎ বয়লয়ারটি বিস্ফোরিত হয়। এতে সঙ্গে সঙ্গে চারজন দগ্ধ হন। অবশ্য বিস্ফোরণ থেকে ছড়িয়ে পড়া আগুন দ্রুততার সাথে দমকলকর্মীরা নিভিয়ে ফেলতে সক্ষম হন।

 

জানা গেছে, চিকিৎসার জন্য আহতদেরকে স্থানীয় তানজুং কারং হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর একজনকে রেড জোনে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানা গেছে। বিস্ফোরণের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।