ওমান প্রবাসীর স্ত্রীর অধিকার ফিরে পেতে টানা ২৫ দিন ধরে অনশন করছেন রুনা আক্তার নামের এক নারী। তিনি গত ১৮ মে থেকে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার উত্তর পূর্ব রাজারগাঁও আলাউদ্দিন মিজি বাড়িতে অনশন শুরু করেন। ওই বাড়ির মালিক ও ওমান প্রবাসী মমিন মিজি রুনার দাবি অনুযায়ী তার স্বামী।
রুনা আক্তার শরিয়তপুর জেলার জাজিরা থানার উত্তর কেবলনগর শেখ বাড়ির মৃত কোরমান শেখের মেয়ে। তার কাছে থাকা কাবিননামা অনুযায়ী, ২০০০ সালের ৬ ফেব্রুয়ারি ওমানে অবস্থানকালে রুনা ও মমিনের বিয়ে হয়। রুনার অভিযোগ, ওমানে তাদের দীর্ঘদিনের দাম্পত্য জীবন থাকলেও দেশে তার স্বামীর আগের স্ত্রী ও সন্তান রয়েছে, যা তিনি আগে জানতেন না। দীর্ঘ ২৪ বছর ধরে মমিন মিজি তাকে দেশে আনেননি।
আরও পড়ুন
রুনা বলেন, ‘স্বামীর অধিকার ফিরে পেতে তিনি অনশন করছেন। অধিকার না পাওয়া পর্যন্ত এই অনশন চলবে।’ স্থানীয়রা জানান, সম্প্রতি মমিন মিজি দেশে ফিরে কিছুদিন বাড়িতে ছিলেন। রুনা আক্তারের আগমনের খবর পেয়ে তিনি কাউকে না জানিয়ে পুনরায় ওমানে ফিরে যান। রুনার এই অনশনকে ঘিরে মমিন মিজির বাড়িতে উৎসুক জনতা ভিড় করছে। তবে মমিন মিজির পরিবারের কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।












