পর্যটন ভিসার আড়ালে অবৈধভাবে কাজ করা অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে মালয়েশিয়া সরকার। শুক্রবার দেশটির মন্ত্রিসভার বৈঠক শেষে যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অবৈধ অভিবাসীদের বিষয়ে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। এতে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অবৈধ কর্মীদের জন্য বড় ধরনের আইনি জটিলতার আশঙ্কা তৈরি হয়েছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে মালয়েশিয়ায় ভিসা আইন লঙ্ঘন করে অবস্থান করছেন প্রায় ৫৪ হাজার ৭৯১ জন বিদেশি নাগরিক। এদের মধ্যে একটি বড় অংশ বাংলাদেশি। মন্ত্রী ফাহমি ফাজিল জানান, অবৈধদের ধরতে নিয়মিত অভিযান চলছে। ২০২৫ সালে ৫১ হাজারের বেশি অবৈধ অভিবাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। আর এই বছর, অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি মাসেই ৩ হাজার ৬৯১ জনকে আইনের আওতায় আনা হয়েছে।
আরও পড়ুন
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অনেকে ট্যুরিস্ট বা সোশ্যাল ভিসায় এসে গোপনে বিভিন্ন সেক্টরে কাজ করছেন, যা মালয়েশিয়ার অভিবাসন আইনের গুরুতর লঙ্ঘন। যারা ভিসার শর্ত ভাঙছেন, তাদের চিহ্নিত করতে এখন থেকে নজরদারি আরও জোরদার করা হবে। শুধু কর্মী নয়, যারা এই অবৈধ প্রক্রিয়ায় সহায়তা করবেন, তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।










