মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সেলাঙ্গর জেলার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসক্যু ডিপার্টমেন্টের আহমদ মুখলিস মুখতার।
আহমদ মুখলিস আরও বলেন, একটি ট্রেলার, একটি তিন টনের লরি ও একটি টয়োটা গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় লরিতে থাকা এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। চিকিৎসক ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন। নিহত বাংলাদেশির নাম-পরিচয় এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ। শুধুমাত্র বয়স ৩০ বছর বলে জানানো হয়েছে। তার মরদেহ ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন
লরিতে থাকা একজন গুরুতর আহত হয়েছেন। তার পরিচয়ও প্রকাশ করা হয়নি। এছাড়া এক ট্রাকচালক আহত হয়েছেন। তার বয়স ২৬ বছর বলে জানা গেছে। টয়োটা গাড়িতে থাকা দুইজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এ ঘটনায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং সড়ক পরিবহন আইনের অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।











