ভেনিসে গাজা নিয়ে বিক্ষোভ, ইসরাইলি পণ্যে বয়কটের ডাক

536839815 1524126558750219 5619868632659157265 n

ইতালির ভেনিসে গাজার মানবিক বিপর্যয় ও ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ তারিখ রোববার বিকেলে “স্ত্রাদা নুওভা” এলাকায় যুদ্ধ ও বর্ণবাদ বিরোধী আন্দোলনের ব্যানারে এ সমাবেশে অংশ নেন স্থানীয় মানবাধিকার সংগঠন, অভিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও শান্তিকামী নাগরিকরা।

বক্তারা বলেন, “২০২৫ সালের আধুনিক সভ্যতায় শিশুদের ক্ষুধায় মরতে দেখা লজ্জাজনক। অথচ বিশ্ব নীরব দর্শকের মতো বসে আছে।” তারা ইতালির সরকারের সমালোচনা করে জানান, ইসরাইলের উপর কার্যকর কোনো কূটনৈতিক চাপ সৃষ্টি না করায় নাগরিক হিসেবে এটি লজ্জার।

সমাবেশে ইউরোপীয় মূলধারার সংবাদমাধ্যমগুলোর নীরবতাকে মানবতা বিরোধী বলে আখ্যায়িত করা হয়। বক্তারা ইসরাইলি সব পণ্য ও যুদ্ধ অর্থায়নে জড়িত প্রতিষ্ঠান বয়কটের ডাক দেন। এ সময় Boycott.io নামের একটি অ্যাপের লিফলেট বিতরণ করা হয়, যেখানে ইসরাইলি পণ্য ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তালিকা পাওয়া যায়।

বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই হাতে প্যালেস্টাইনের পতাকা, গলায় কুফিয়া রুমাল এবং গাজার ধ্বংসস্তূপ ও মৃতপ্রায় শিশুর ছবি বহন করেন। এ দৃশ্য সচেতন মানুষের হৃদয় নাড়া দেয়। উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি পর্যটক করতালি দিয়ে সংহতি জানান।

আয়োজকরা জানিয়েছেন, গাজায় আগ্রাসন চলা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তাদের ভাষায়—“গাজার শিশুদের প্রতিটি কান্না পৃথিবীর বিবেককে জাগিয়ে তুলছে। আমরা নীরব থাকবো না।”

সোহানুর রহমান উজ্জ্বল
ভেনিস, ইতালি