মিশরীয় কোবরা যেকারণে ভয়ংকর ও রহস্যময়

মিশর

মিশরীয় কোবরা (Naja haje) একটি রহস্যময়, বিষাক্ত এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ সাপ। এটি শুধু আফ্রিকা ও আরব উপদ্বীপের অন্যতম ভয়ংকর সরীসৃপই নয়, বরং প্রাচীন মিশরের সংস্কৃতিতে এক বিশেষ স্থান দখল করে আছে। অনেকের বিশ্বাস, এটি ছিল সেই কিংবদন্তি “অ্যাস্প” যা ক্লিওপেট্রার মৃত্যুর কারণ হয়েছিল।

সাপটিকে অনেক সময় সাপের রাজা বলা হয়, কারণ এটি তার গম্ভীর উপস্থিতি, বিপজ্জনক বিষ এবং প্রতিরক্ষামূলক ভঙ্গির জন্য পরিচিত। সাপুড়েদের কাছে এটি জনপ্রিয় হওয়ার কারণ এটি গর্জন করে ফণা তোলে, যা দেখতে অত্যন্ত ভয়ঙ্কর ও আকর্ষণীয়।

মিশরীয় কোবরা দৈর্ঘ্যে প্রায় ২.৪ মিটার ৮ ফুট পর্যন্ত হতে পারে, যদিও সাধারণত ৫ থেকে ৬ ফুটই বেশি হয়। এর মাথা চওড়া, নাক কিছুটা গোলাকার এবং শরীর অপেক্ষাকৃত মোটা হলেও লেজের দিকে সরু হয়ে আসে।

আতঙ্কিত হলে এটি ফণা তোলে, যা প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে পরিচিত। ফণার সামনের দিকে গাঢ় কালো দাগ দেখা যায়, যা শত্রুকে ভয় দেখানোর জন্য ব্যবহৃত হয়। কখনো কখনো, যদি হুমকি উপেক্ষা করা হয়, তবে এটি মৃত্যুর অভিনয় করেও আত্মরক্ষা করার চেষ্টা করতে পারে।

মিশরীয় কোবরা নিউরোটক্সিক বিষ নিক্ষেপ করে, যা স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বন্ধ করে দেয় এবং শিকারকে পঙ্গু করে ফেলে। এর প্রধান শিকার ব্যাঙ, টিকটিকি, পাখি ও ছোট স্তন্যপায়ী প্রাণী। রাতে শিকার ধরতে বেশি পছন্দ করে এবং সাভানা, বনাঞ্চল, ঘাসযুক্ত এলাকা এবং অর্ধ-মরুভূমিতে বসবাস করে।

এর কামড় মানুষের জন্য মারাত্মক, তবে সঠিক সময়ে অ্যান্টিভেনম প্রয়োগ করলে জীবন বাঁচানো সম্ভব। মিশরীয় কোবরা শুধু একটি বিষাক্ত সাপ নয়, এটি প্রকৃতির একটি অপরিহার্য অংশ। যদিও এটি ভয়ংকর, তবে এর অস্তিত্ব বিপন্ন হয়ে পড়লে প্রকৃতি ও পরিবেশের উপরও এর বিরূপ প্রভাব পড়বে।