গাজা থেকে ফিলিস্তিনিদের সরানোর বিপক্ষে সৌদি

Faisal

গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার যেকোনো প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এ বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়েছেন। শুক্রবার তুরস্কের আন্তালিয়াতে ‘গাজা যুদ্ধ বন্ধে’ বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে সৌদির অবস্থান ব্যক্ত করেন তিনি।

সংবাদ সম্মেলনে প্রিন্স ফয়সাল বলেন, ‘আমরা যেকোনো স্লোগান বা অজুহাতের অধীনে গাজা থেকে ফিলিস্তিনি জনগণের বাস্তুচ্যুতিকে কঠোরভাবে প্রত্যাখ্যান করি।’ তিনি এ ধরনের পরিকল্পনাকে ‘স্বেচ্ছা অভিবাসন’ হিসেবে উল্লেখ করে নিন্দা জানান এবং বর্তমান পরিস্থিতিতে এমন পরিভাষা গ্রহণযোগ্য নয় বলে প্রতিবাদ করেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার ২১ লাখ ফিলিস্তিনিকে সরিয়ে এটিকে একটি বিলাসবহুল পর্যটন অঞ্চল রূপান্তরের প্রস্তাব দিয়েছিলেন।

এদিন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ‘গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি’-র আহ্বান জানান এবং অবরুদ্ধ এ অঞ্চলে মানবিক সহায়তা নির্বিঘ্নে পৌঁছে দেয়ার জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। ইসরায়েলি সেনাবাহিনী গত ১৯ জানুয়ারির যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে ১৮ মার্চ গাজায় গাজায় পুনরায় হামলা শুরু করে।