কাজ না থাকার পরও কেন সৌদি যাচ্ছে মানুষ?

Saudii

বছর যত যাচ্ছে, সৌদি আরবে বাড়ছে প্রবাসী বাংলাদেশির সংখ্যা। এখন পর্যন্ত বিদেশগামীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে দেশটি। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিসংখ্যান বলছে, চলতি বছরে এখন পর্যন্ত সৌদি আরবে গেছেন ১ লাখ ২০ হাজার ৮৭৬ জন। অর্থাৎ প্রথম চার মাসে যে সংখ্যক বাংলাদেশি সৌদি আরবে গেছেন, অন্য শ্রমবাজারে বছর শেষেও এত শ্রমিক যাওয়ার রেকর্ড নেই।

বিএমইটির তথ্য মতে, গত বছর দেশটিতে গেছেন ৬ লাখ ২৮ হাজার ৫৬৪ জন এবং ২০২৩ সালে গেছেন ৪ লাখ ৯৭ হাজার ৬৭৪ জন বাংলাদেশি। তবে যে স্বপ্ন নিয়ে সৌদিতে প্রবাসীরা যাচ্ছেন তার ছিটেফোঁটাও পূর্ণ হচ্ছে না। বেশিরভাগই দালালের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছেন। সম্প্রতি দালালের কথা মতো কাজ না পাওয়ায় সৌদিতে পলাশ মিয়া নামে এক বাংলাদেশি যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন পলাশ। 

জানা গেছে, প্রায় ৯ মাস আগে সাড়ে ৫ লাখ টাকা খরচ করে দরিদ্র ঘরের সন্তান পলাশ স্থানীয় এক দালালের মাধ্যমে সৌদি যান। দালালও ভালো চাকরি এবং বেশি টাকা বেতন দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু পলাশের ভাগ্যে ঘটেছে উল্টো ঘটনা। সৌদি গিয়ে দালালের কথা মতো কাজ মেলেনি। বেতনও পাচ্ছিলেন না ঠিকমতো। এমনকি বৈধ কাগজপত্র করে দেওয়ার আশ্বাস দিয়েও তা করে দেয়নি দালাল। পরিবারের অভিযোগ, এসব চিন্তায় না খেয়ে রোগে-শোকে ভুগে আত্মহত্যা করেছে সে। আত্মহত্যার পথ না বাছলেও সৌদিতে এখন পলাশের মত কর্মীর সংখ্যাই সর্বাধিক।