আমিরাতে একদিনে দুই বাংলাদেশির করুণ মৃত্যু

আমিরাত
বাম থেকে নুরুল আবছার ও নাইয়ুম উদ্দীন

আমিরাতে একদিনে দুই প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ছয়দিন আইসিইউতে থাকার পর শুক্রবার এক প্রবাসী মারা গেছেন। একই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে আরেক প্রবাসীর মৃত্যু হয়েছে। তাদের উভয়ের বাড়ি চট্টগ্রামে।

জানা যায়, ঈদুল আজহার ছুটিতে গত ৭ জুন নুরুল আবছার ঘুরতে বের হন। পরে মালিহা রোডের ১৭ নাম্বার ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় নেস্টু হাইফার মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় এক প্রাইভেট কারের সাথে তার ধাক্কা লাগে। পুলিশ এবং মেডিকেল টিম এসে তাকে শারজার আল কাসেমি হাসপাতালে নিয়ে যায়। পরে ১০ জুন কর্তব্যরত চিকিৎসকরা জানায় নুরুল আবছারের মস্তিষ্ক অকার্য্যকর হয়ে গেছে। ছয়দিন টানা আইসিইউতে থাকার পর শুক্রবার তার মৃত্যু হয়। মাত্র এক বছর আগে ২০২৪ সালে আমিরাতে যান আবছার। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। 

অপর প্রবাসী চট্টগ্রামের মোহাম্মদ নাইয়ুম উদ্দীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি রাস আল খাইমার একটি বাগানে চাকরি করতেন। সকালে বাগানের মালিক নাইয়ুমকে ফোনে না পেয়ে বাগানে এসে দেখেন, তিনি অবচেতন অবস্থায় রুমের বিছানায় পড়ে আছেন। পরে পুলিশকে ফোন করলে মেডিকেল টিম তার মৃত্যু নিশ্চিত করে।