নদীতে ডুবে যাওয়া ইতালীয় ব্যক্তিকে উদ্ধার করলেন বাংলাদেশি

Italy

ইতালির তুরিন শহরে অসামান্য সাহসিকতার স্বাক্ষর রাখলেন এক বাংলাদেশি যুবক। নিজের জীবনের ঝুঁকি নিয়ে খরস্রোতা নদী থেকে এক ডুবন্ত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় গণমাধ্যম ও জনমনে প্রশংসায় ভাসছেন মিঠু শেখ নামের ওই প্রবাসী বাংলাদেশি। শুক্রবার বিকেলে তুরিনের আরোরা এলাকার ‘লুঙ্গো ডোরা আগ্রিজেন্তো’র পাশে ডোরা রিপারিয়া নদীতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে তীব্র স্রোত ও কনকনে ঠান্ডার মধ্যে হঠাৎ করেই এক ব্যক্তি ডোরা রিপারিয়া নদীতে পড়ে যান। নদীর প্রবল স্রোত এবং হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রায় ওই ব্যক্তি যখন বাঁচার জন্য আর্তনাদ করছিলেন এবং তার তলিয়ে যাওয়া ছিল কেবল সময়ের ব্যাপার, ঠিক তখনই দূতের মতো সেখানে উপস্থিত হন মিঠু শেখ। মৃত্যুকে পরোয়া না করে তিনি তাৎক্ষণিকভাবে নদীতে ঝাঁপ দেন এবং প্রবল স্রোতের সঙ্গে লড়াই করে ডুবন্ত ওই ব্যক্তিকে তীরে নিয়ে আসতে সক্ষম হন।

এই ঘটনায় ইতালির স্থানীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। তুরিনের সাধারণ জনগণ এবং প্রত্যক্ষদর্শীরা মিঠু শেখের এই নিঃস্বার্থ সাহসিকতার ভূয়সী প্রশংসা করছেন। যেখানে তীব্র স্রোতের কারণে অভিজ্ঞ সাঁতারুরাও নামতে দ্বিধা করবেন, সেখানে একজন ভিনদেশি হয়েও মানবতার খাতিরে মিঠু শেখের এই আত্মত্যাগ বাংলাদেশি কমিউনিটির মুখ উজ্জ্বল করেছে। উদ্ধারকৃত ব্যক্তি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে এবং তিনি তার জীবন বাঁচাতে এগিয়ে আসার জন্য মিঠু শেখের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।