পবিত্র নগরী মক্কা ও মদিনাসহ সৌদি আরবের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের হুতি মিলিশিয়াদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ও তিনটি ড্রোন আকাশেই ধ্বংস করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। শুক্র ও শনিবার এসব হামলা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের বৈধ সরকারের সমর্থনে গঠিত সামরিক জোট।
জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, রিয়াদের পাশাপাশি পবিত্র মক্কা ও মদিনার দিকে ছুটে আসা তিনটি ড্রোন সময়মতো শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া পশ্চিমাঞ্চল লক্ষ্য করে ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণাঞ্চলকে লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করা হয়েছে।
আরও পড়ুন
এর আগে বৃহস্পতিবারও একই ধরনের হামলা চালায় হুতিরা। সেদিন রিয়াদ লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের দিকে ছোড়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয় বলে জানান আল-মালিকি।
এদিকে সতর্কসংকেত বাজার সময় নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি সিভিল ডিফেন্স। সংস্থাটি বলেছে, এ সময় খোলা জায়গা ও কাচের জানালা থেকে দূরে থাকতে হবে এবং বারান্দা ও ছাদে যাওয়া থেকে বিরত থাকতে হবে।
সূত্র: সৌদি গেজেট










