সৌদিতে বুধবার পর্যন্ত সতর্ক থাকার পরামর্শ

Weather saudi

সৌদি আরবের বেশিরভাগ অঞ্চলে আগামী বুধবার পর্যন্ত প্রবল বজ্রঝড় ও ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময়ে আকস্মিক বন্যার আশঙ্কা থাকায় দেশটির বেসামরিক প্রতিরক্ষা দপ্তর বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে। নিরাপদ স্থানে থাকার পাশাপাশি উপত্যকা ও বন্যাপ্রবণ এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।

সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী, মক্কা অঞ্চলের তায়েফ, আধামসহ বেশ কয়েকটি এলাকায় ভারি বৃষ্টিপাত, শিলাবৃষ্টি ও ধূলিঝড়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জাজান, আসির ও আল-বাহা অঞ্চলেও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। এছাড়া মক্কা শহর, মদিনা, তাবুক, হাইল ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বৈরী আবহাওয়ার এই সময়ে বন্যার পানিতে সাঁতার কাটা থেকে সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে। যেকোনো দুর্ঘটনা এড়াতে সরকারি নিরাপত্তা ও আবহাওয়া নির্দেশনাগুলো কঠোরভাবে মেনে চলার জন্য প্রবাসী ও স্থানীয়দের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

 

তথ্যসূত্র: সৌদি গ্যাজেট