প্রবাসীর লাগেজ মাঝরাস্তায় ডেলিভারি, ম্যাজিস্ট্রেটের অ্যাকশন!

Nawshad

ঢাকা বিমানবন্দরে এক প্রবাসীর দেরিতে আসা লাগেজ বাড়িতে পৌঁছে না দিয়ে মাঝরাস্তায় নামিয়ে দেওয়ায় এক ডেলিভারি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জানা যায়, ওই প্রবাসী তার লাগেজটি কুমিল্লার মুরাদনগরে পৌঁছে দেওয়ার ঠিকানা দিয়েছিলেন। কিন্তু সংশ্লিষ্ট এয়ারলাইনসের চুক্তিবদ্ধ ডেলিভারি প্রতিষ্ঠান ‘জেটলাইন্স সার্ভিসেস লিমিটেড’ সেখানে যেতে অস্বীকৃতি জানায়। উল্টো তারা যাত্রীকে ইচ্ছার বিরুদ্ধে দাউদকান্দির ইলিয়টগঞ্জ নামক একটি হাইওয়ে পয়েন্টে ডেকে এনে লাগেজ হস্তান্তর করে।

বিষয়টি নজরে এলে ম্যাজিস্ট্রেট কোর্ট প্রতিষ্ঠানটির ব্যবস্থাপককে তলব করে এবং দোষ স্বীকারোক্তির ভিত্তিতে এই দণ্ড দেওয়া হয়। এই ঘটনায় কড়া পদক্ষেপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসায় ভাসছেন এয়ারপোর্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওশাদ খান। খবরটি ফেসবুকে শেয়ার করার পরই সাধারণ মানুষ তাকে অভিবাদন জানাচ্ছেন।

নেটিজেনরা বলছেন, দেশের প্রতিটি খাতে নওশাদের মতো সৎ, বিচক্ষণ ও পেশাদার কর্মকর্তার তীব্র প্রয়োজন। অনেকেই মন্তব্য করেছেন, এমন দুই-একজনকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে বাকিরা এমনিতেই সতর্ক হয়ে যাবে এবং দুর্নীতিবাজদের বরখাস্ত করলে সব অনিয়ম দূর হবে। প্রবাসীরা তাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেশের বিমানবন্দরকে ইউরোপের মতো সুশৃঙ্খল করার আকুল আবেদন জানিয়েছেন।