ওমানের ইব্রি শহরে মাটির নিচ থেকে বেরিয়ে এল ৫ হাজার বছরের পুরোনো এক প্রাচীন সভ্যতার নিদর্শন। সম্প্রতি দেশটির ধাহিরাহ প্রদেশের আল আনায়েন এলাকার একটি আবাসিক জায়গায় খননকাজ চালিয়ে প্রাচীন সমাধির সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। সেখানে মানুষের কঙ্কালের পাশাপাশি মিলেছে অক্ষত মাটির পাত্রসহ নানা প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র।
ওমানের ঐতিহ্য ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে গত সপ্তাহের শুরুতে এই উদ্ধারকাজ শুরু হয়। ধাহিরাহ প্রদেশের ঐতিহ্য ও পর্যটন বিভাগের পরিচালক ওয়ালিদ বিন হামাদ আল গাফরি জানান, দ্রুত নগরায়নের হাত থেকে ঐতিহাসিক এই স্থানগুলোকে রক্ষা করতেই মূলত এই খননকাজ চালানো হচ্ছে।
আরও পড়ুন
খননকাজে তামা ও ব্রোঞ্জের তীরের ফলক, কুঠার, ছোরা এবং প্রচুর পরিমাণে পুঁতি পাওয়া গেছে। বিশেষজ্ঞদের ধারণা, এগুলো খ্রিষ্টপূর্ব তৃতীয় সহস্রাব্দের মেসোপটেমিয়ার জেমদেত নাসর সভ্যতার অংশ। চলতি মাসের শেষ পর্যন্ত এই খননকাজ চলবে, যা প্রতিবেশী সভ্যতাগুলোর সঙ্গে ওমানের ঐতিহাসিক বাণিজ্যিক সম্পর্কের প্রমাণ দেয়।
সূত্র: মাস্কাট ডেইলি










