ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাস্থ্য খাতের বিজ্ঞাপন ও প্রচারণা নিয়ে সতর্কবার্তা দিয়েছে ওমানের বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ উন্নয়ন মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, ২০২২ সালের ৬১৯ নম্বর মন্ত্রী পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী বিপণনকারীদের কয়েকটি প্রধান নিয়ম মানতে হবে। এর মধ্যে রয়েছে প্রচারণার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া, শুধু লাইসেন্সপ্রাপ্ত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রচার করা এবং বিজ্ঞাপনের বিষয়বস্তু স্পষ্ট ও সত্য রাখা। কোনো বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়ানো যাবে না।
আরও পড়ুন
বিজ্ঞাপনদাতাদের স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে, বিভ্রান্তিকর বা অতিরঞ্জিত দাবি এড়িয়ে চলতে হবে। যেমন “সেরা”, “১০০ শতাংশ নিশ্চিত ফল”, “জাদুকরী”, “অলৌকিক”, “কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই” কিংবা “সফলতার নিশ্চয়তা” ধরনের শব্দ ও দাবি ব্যবহার করা যাবে না।
নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রশাসনিক শাস্তি দেওয়ার এখতিয়ার রয়েছে সংশ্লিষ্ট কমিটির। শাস্তির মধ্যে আছে আনুষ্ঠানিক সতর্কতা, সর্বোচ্চ এক হাজার ওমানি রিয়াল পর্যন্ত প্রশাসনিক জরিমানা, এক বছর পর্যন্ত লাইসেন্স স্থগিত, অথবা লাইসেন্স পুরোপুরি বাতিল।










